নেপালের বিক্ষোভে ৩ লাখ কোটি রুপির ক্ষতি

আজকের মতামত ডেস্ক
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

নেপালে তরুণ-তরুণীদের দুদিনের সরকারবিরোধী বিক্ষোভে ৩ লাখ কোটি রুপির ক্ষতি হয়েছে। কেবল পর্যটন খাতেই ক্ষতি হয়েছে ২ হাজার ৫০০ কোটি রুপি। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অর্থনীতিবিদদের শঙ্কা, এই অর্থবছরে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশেরও কম হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে ৮ সেপ্টেম্বর বিক্ষোভে নামে তরুণ-তরুণীরা। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দিলে সেই আন্দোলন সহিংসতায় রূপ নেয়। ঝড়ে পড়ে ১৯টি তাজা প্রাণ। 

৯ সেপ্টেম্বর বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর কাঠমান্ডুর বাইরে। পার্লামেন্ট ভবন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের বাসভবনে আগুন দেয় তরুণ-তরুণীরা। পাঁচ তারকা হোটেল হিলটনসহ অসংখ্য দোকান পাট, ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে ভাঙচুর-লুটপাটের ঘটনাও।

তাছাড়া, নিরাপত্তা বিবেচনায় ৩ দিন বন্ধ রাখা হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। 

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, তরুণ-তরুণীদের দুদিনের বিক্ষোভে নেপালে ক্ষতি হয়েছে ৩ লাখ কোটি রুপির । যা দেশটির দেড় বছরের বাজেটের প্রায় সমান। সরকারি ও বেসরকারি খাতের অবকাঠামো এবং সরকারি নথিপত্রের ক্ষতি বিবেচনা করলে এই সংখ্যা জিডিপির অর্ধেক।

পাহাড়-পর্বত, হিমালয় ট্রেকিং, বৌদ্ধ ও হিন্দু ঐতিহ্য–সব মিলিয়ে প্রতি বছর ১০ লাখের বেশি পর্যটক নেপালে ভিড় করেন। সরকারবিরোধী বিক্ষোভে কেবল পর্যটন খাতেই ক্ষতি হয়েছে ২ হাজার ৫০০ কোটি রুপি।

এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় এই অর্থবছরে নেপালের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশেরও কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী পর্যটন মৌসুমকে সামনে রেখে সব অংশীজনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। তাছাড়া, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতির তাগিদ তাদের।

বিষয়:

নেপাল
এলাকার খবর

সম্পর্কিত