বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলটি জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশে তার দেওয়া জবাব সন্তোষজনক ছিল না।
মঙ্গলবার দলটির এক শীর্ষ নেতা এই তথ্য নিশ্চিত করেন।
ফজলুরকে নির্দেশ দেওয়া হয়েছে, টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা বজায় রাখা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করার ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে।
এর আগে ফজলুর ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিভিন্ন মন্তব্যের কারণে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। জবাবে তিনি গণঅভ্যুত্থানের পক্ষে নিজের অবস্থান প্রকাশের পাশাপাশি জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে নিজের অবস্থান পুনরায় জানিয়েছেন।।