বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
সকালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক–শিক্ষার্থীদের র্যালি বের হয়। পরে টিএসসিতে কেক কেটে এবং পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
এ সময় উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রতিটি পরিবর্তনের কেন্দ্রে এই বিশ্ববিদ্যালয় ছিল। বিশ্ববিদ্যালয় একটি শ্রেণি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে কাজ করে যাবে।’
শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক সংকটসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো দূর হবে। শিক্ষা এবং গবেষণায় জোর দিবে এমনটাই প্রত্যাশা তাদের।
১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই ঐতিহাসিক দিনের স্মরণে প্রতিবছর বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়।